ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৬
নির্বাচনের হলফনামায় আয়ের উৎস হিসেবে ব্যাংকের সুদ উল্লেখ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ইসলামিক বক্তা গিয়াস উদ্দিন তাহেরি। ইসলাম ধর্মে সুদ (রিবা) হারাম—এমন বিশ্বাস থেকে বিষয়টি নিয়ে নেটিজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা সূত্রে জানা যায়, প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরি তার বাৎসরিক আয়ের একটি অংশ ব্যাংকে রাখা আমানতের সুদ হিসেবে দেখিয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেন—একজন ইসলামিক বক্তা হয়ে কীভাবে তিনি সুদের আয়ের কথা উল্লেখ করেন।
এ নিয়ে সমালোচনার মুখে গিয়াস উদ্দিন তাহেরি গণমাধ্যমকে জানান, “আমি ব্যক্তিগতভাবে সুদ গ্রহণকে হালাল মনে করি না। ব্যাংকে থাকা অর্থ থেকে যে সুদ আসে, তা আমি নিজের ভোগে ব্যবহার করি না। সম্পূর্ণ অর্থই বিভিন্ন এতিমখানা ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানে দান করে দিই।” তিনি আরও বলেন, “হলফনামায় আয়-ব্যয়ের তথ্য গোপন করার সুযোগ নেই। আইন অনুযায়ী যা হয়েছে, তা স্বচ্ছতার স্বার্থেই উল্লেখ করা হয়েছে।”
