ঢাকা, শুক্রবার:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে হাতে উল্লেখযোগ্য কোনো কাজ না থাকায় হতাশা প্রকাশ করে বিস্ফোরক মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তিনি বলেন, “বর্তমানে নাট্যাঙ্গনে মেধার চেয়ে ‘যোগাযোগ’ বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নেতাদের খুশি করতে পারলে নাটকে অভিনয়ের জন্য সিলেক্ট হওয়া খুবই সহজ।”
সম্প্রতি একটি অনলাইন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যে ভাবনা আরও বলেন, “অনেক প্রতিভাবান শিল্পী সুযোগের অভাবে পিছিয়ে যাচ্ছেন। অথচ যারা বিভিন্ন মহলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারেন, তাদের কাজ পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না।” তার এই মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
নাট্যাঙ্গনের একাধিক নির্মাতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে ‘লবিং’ বা ‘গ্রুপিং’ নতুন কিছু নয়, তবে বিষয়টি প্রকাশ্যে এভাবে বলা খুব কমই দেখা যায়। অন্যদিকে, কিছু নির্মাতা ভাবনার বক্তব্যকে অতিরঞ্জিত বলেও দাবি করেছেন।
